← All entries

Adventure at Seebensee

সাত হ্রদের শহরে গল্পের প্রথম খসড়া

Adventure at Seebensee

সাত-সকালে ঘুম থেকে উঠে বসে আছি বারান্দায়। বাইরে রোদ ঝলমলে আকাশ। বিরস মুখে এক কাপ চা আর বিস্কুট খেতে খেতে ভাবছি, আরও একটা গ্রীষ্ম গেল বুঝি কিছু না করেই। নীল আকাশের মাঝখানে তিনটে প্লেনের ধোঁয়ার কাটাকুটি খেলা দেখছি, আর মনে মনে ঠিক করছি কি করা যায় সারাদিন। বেশ মন দিয়ে ভাবছি, এমন সময়ে চশমাটা কপালে তুলে নুসরাত আসলো বারান্দায়। সামনের চেয়ারটা দখল করে বসে বললো, “গুটেন মরগেন ব্রো!” গুটেন মরগেন ব্রো, উত্তর দিলাম। সরাসরি কাজের কথায় চলে আসলো সে, “সামার তো শেষ হয় হয়, কোথাও যাচ্ছি না আমরা এবার?” “মাথায় আছে কোন জায়গা?” “মাথায় তো অনেক গুলো জায়গাই আছে, কিন্তু যেকোন একটা বেছে নেওয়া কঠিন। দাঁড়াও, তোমাকে দেখাই।” বলে ফোনটা বের করে আমাকে এক মুহুর্তে বেশ কয়েকটা জায়গা দেখিয়ে দিলো সে। নুসরাতের কাছে ঘুরে বেড়ানো বিষয়ক যাবতীয় ব্যাপারে সবকিছু একদম হাতের নাগালে থাকে সবসময়।
দেখে-টেখে ঠিক করা হলো অস্ট্রিয়া যাওয়া হবে। আরেকবার আল্পসের ঠিক কোলের মধ্যে বসা এক হ্রদ আমাদের গন্তব্য। ২৮ কিলোমিটার হেঁটে যেতে হবে সেই হ্রদে।